Logo
×

Follow Us

জাতীয়

বৃক্ষ হত্যায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

বৃক্ষ হত্যায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ডেপুটি স্পিকারের

সংগৃহীত ছবি

নেত্রকোণার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একই সাথে ঘটনায় স্থানীয় প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলার বাবনি এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের চারা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ডেপুটি স্পিকার। তিনি ঘটনাটিকে ‘বৃক্ষ হত্যা’ হিসেবে উল্লেখ করে বলেন, গাছ শুধু গাছ নয়, এটি একটি জীবন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানুষের জীবন সুরক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডের কারণে বৃক্ষরোপণ কর্মসূচি বন্ধ করা যাবে না। বরং একই স্থানে নতুন করে আরও ১ হাজার ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ঘোষণা দেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, রোপণ করা চারাগুলো রক্ষা ও পরিচর্যায় কার্যকর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি গাছ উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। তাঁর ভাষায়, প্রশাসনের দায়িত্ব ছিল ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করা। দুই দিন পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে গাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান কায়সার কামাল। তিনি বলেন, এসব গাছ শুধু সরকারের সম্পদ নয়; এগুলো পুরো সমাজের সম্পদ। একটি গাছ রক্ষা করা মানে একটি জীবন রক্ষা করা।

জানা গেছে, গত ৫ আগস্ট স্থানীয় যুবদল ও ছাত্রদলের তত্ত্বাবধানে বাবনি এলাকায় সড়কের পাশে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে গত ২৫ আগস্ট রাতে দুর্বৃত্তরা ৩৫টি চারা ও সেগুলোর সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে।

পরে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে একই জায়গায় নতুন করে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ডেপুটি স্পিকার। এ সময় নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা এন. এম. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার সাব্বির হাসান, কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন