বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। এর আগে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। পরবর্তী সময়ে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর পক্ষে জহির উদ্দিন স্বপনকে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার প্রস্তাব উত্থাপন করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। পরে সংসদে কণ্ঠভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়।
এর আগে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন আবদুল মঈন খান। তিনি স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর কমিটির সভাপতির পদটি শূন্য হয়। সেই শূন্য পদেই এবার জহির উদ্দিন স্বপনকে দায়িত্ব দেওয়া হলো।
মন্ত্রিসভা থেকে জহির উদ্দিন স্বপনকে সরিয়ে দেওয়ার পর বরিশাল-১ আসনের তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের মধ্যে হতাশা ও মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। তবে এরপর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি—পরপর দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে।
নতুন দায়িত্ব ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তার নির্বাচনী এলাকার অনেকে। এখন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করবেন জহির উদ্দিন স্বপন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)