কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ২৩তম ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের বৈঠকের সাইডলাইনে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সাথে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের প্রতিনিধিরা আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন দুই দেশের প্রতিনিধিরা।
আলোচনায় বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বর্তমান সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, কূটনীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতার পরিধি আরও বাড়ানোর বিষয়ে নিজেদের আগ্রহের কথা তুলে ধরে দুই পক্ষ।
বৈঠকে দুই দেশের সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। পারস্পরিক সহযোগিতা জোরদারের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ ও অংশীদারত্ব বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়াকে জানান, আসন্ন কপ-৩১ সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী নভেম্বরে তুরস্ক সফর করতে পারেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)