Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশ আর কারও কাছে মাথা নত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম

বাংলাদেশ আর কারও কাছে মাথা নত করবে না: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

 

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে আর কোনো ধরনের নতজানু অবস্থান থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশ মেরুদণ্ড সোজা করে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে কোনো দেশের কাছে মাথা নত করবে না।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এ সময় সংসদের অধিবেশন চলছিল।

খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের পররাষ্ট্রনীতি দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে পরিচালিত হচ্ছে। তাঁর ভাষ্য, শক্তিশালী ও সফল পররাষ্ট্রনীতির কারণে বাংলাদেশ এখন আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থান তুলে ধরতে পারছে। নতজানু পররাষ্ট্রনীতির অধ্যায়ের অবসান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগের সরকারের সময়ের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে দেশের পররাষ্ট্রনীতির একটি বড় অংশ কার্যত সরকারের নিয়ন্ত্রণে ছিল না। বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোর কার্যক্রমের প্রতিও তখন সরকারের যথেষ্ট নজর ছিল না বলে দাবি করেন তিনি।

বর্তমান সরকার সেই পরিস্থিতি পরিবর্তনে কাজ করছে জানিয়ে খলিলুর রহমান বলেন, বিদেশে বাংলাদেশের প্রতিটি দূতাবাসের কার্যক্রম মূল্যায়নের জন্য ‘কী পারফরম্যান্স ইন্ডিকেটর’ বা কর্মদক্ষতার সূচক তৈরি করা হচ্ছে। এর ভিত্তিতে দূতাবাসগুলোর মূল দায়িত্ব ও কার্যক্রম মূল্যায়ন করা হবে।

তিনি জানান, আগামী বাজেট সংসদে উপস্থাপনের সময় এসব কার্যক্রম ও মূল্যায়নসংক্রান্ত তথ্য তুলে ধরা হবে। সংসদ সদস্যদের এসব তথ্য জানার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন