পুলিশে ১৪ হাজার ৪০০ পদে নিয়োগঃ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৬:২১ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন করে ৪ হাজার উপপরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে রংপুর-৬ আসনের সংসদ সদস্য মো. নুরুল আমিনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের জনবল সংকট কাটাতে ৪ হাজার নিরস্ত্র এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পদ সৃষ্টি ও নিয়োগ সম্পন্ন হলে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পুলিশের জনবল বাড়বে।
তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে পুলিশের যানবাহন ও জলযানের ঘাটতি পূরণ করা হবে। রাজস্ব বাজেটের আওতায় প্রয়োজনীয় যানবাহন ও জলযান কেনার মাধ্যমে এ ঘাটতি মেটানোর পরিকল্পনা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট পর্যালোচনা সভায় পুলিশের সাংগঠনিক কাঠামোর বিভিন্ন ইউনিটে গ্রেড-১০-এর ৪ হাজার নিরস্ত্র এসআই পদে নিয়োগের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। গত ১০ মার্চ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় পুলিশের পাঠানো প্রস্তাবটি পর্যালোচনা করা হয়।
দায়িত্ব নেওয়ার পর থেকেই পুলিশের বিভিন্ন পর্যায়ে জনবল সংকটের বিষয়টি তুলে ধরে নতুন নিয়োগের প্রয়োজনীয়তার কথা বলে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়াতে দ্রুত ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১০ হাজার কনস্টেবল নিয়োগের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পর এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)