স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।
জাতীয় সংসদের কার্যক্রমে সদস্যদের একে অপরের বক্তব্যে বাধা দেওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, সংসদ অধিবেশনে এমন আচরণ গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় কার্যক্রমের জন্য ভালো লক্ষণ নয়।
বৃহস্পতিবার বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই সংসদের শৃঙ্খলা ও কার্যপ্রণালি মেনে চলার বিষয়ে সদস্যদের সতর্ক করেন তিনি।
স্পিকার বলেন, অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রকে সুসংহত ও কার্যকর রাখতে সংসদ সদস্যদের প্রত্যেকের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই সংসদ পরিচালনায় সবাইকে নিয়ম-কানুন ও সংসদীয় শিষ্টাচার অনুসরণ করতে হবে।
তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় একজন সদস্যের কাজে অন্য সদস্যের বাধা সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে সংসদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়তে পারে। এ কারণে সংসদের ভবিষ্যৎ নিয়ে তিনি কিছুটা চিন্তিত বলেও জানান।
স্পিকার সংসদ সদস্যদের ‘রুলস অব প্রসিডিউর’ বা কার্যপ্রণালি বিধি ভালোভাবে পড়ার পরামর্শ দেন। তিনি বলেন, স্পিকার কোনো সদস্যকে নিজ আসনে ফিরে যাওয়ার নির্দেশ দিলে তা মেনে চলা সংসদীয় রীতি ও শৃঙ্খলার অংশ।
নির্দেশনা অমান্য করে সংসদের কার্যক্রমে বিঘ্ন ঘটানো হলে দীর্ঘদিন সংসদ সচল রাখা সম্ভব হবে না বলেও সতর্ক করেন হাফিজ উদ্দিন আহমদ। সংসদের মর্যাদা, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে তিনি সব সদস্যের সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)