Logo
×

Follow Us

জাতীয়

সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্বপালনে কাজ করতে চান রাষ্ট্রপতি

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে রাষ্ট্রীয় দায়িত্বপালনে কাজ করতে চান রাষ্ট্রপতি

ছবিঃ পিআইডি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে সম্পূর্ণ দলনিরপেক্ষ থাকার অঙ্গীকার করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশ, রাষ্ট্র ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবেন এবং কারও প্রতি ব্যক্তিগত রাগ বা অনুরাগ তাঁর কাজে প্রভাব ফেলবে না।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বঙ্গভবনের দরবার হলে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে অনুষ্ঠিত রাষ্ট্রপতির প্রথম দরবারে তিনি এসব কথা বলেন। দায়িত্ব গ্রহণের আগে দল, সংসদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখন তিনি সম্পূর্ণভাবে দলনিরপেক্ষ অবস্থানে রয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, যেকোনো পরিস্থিতিতে জনগণের আস্থা অর্জন, সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের দেশের প্রতি ভালোবাসা, সম্মান ও আনুগত্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

বঙ্গভবনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি রাষ্ট্রীয় মর্যাদা ও সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ প্রতীক। তাই বঙ্গভবনের মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি এর দৈনন্দিন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের গোপনীয়তা কঠোরভাবে বজায় রাখতে হবে।

রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের ক্ষেত্রেও সতর্ক ও সাশ্রয়ী হওয়ার নির্দেশনা দেন রাষ্ট্রপতি। জনগণের অর্থে সরকারি সম্পদ ও সুযোগ-সুবিধা পরিচালিত হয় উল্লেখ করে তিনি এসব সম্পদের স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিজীবনেও শৃঙ্খলা, নৈতিকতা ও সুন্দর চরিত্র গঠনের চর্চা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিজ নিজ দায়িত্ব সততা ও আন্তরিকতার সঙ্গে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তব্যে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে স্বাধীনতার পর দেশ ও রাষ্ট্র গঠনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। তিনি এর আগে দায়িত্ব পালন করা সব রাষ্ট্রপতিকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সবাইকে একটি পরিবারের সদস্য হিসেবে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে কাজ করতে হবে। ভবিষ্যতেও সবাইকে সঙ্গে নিয়ে একযোগে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন