Logo
×

Follow Us

জাতীয়

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:০৭ পিএম

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা সাহিত্যের বিদ্রোহ, সাম্য ও মানবতার কবি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হয়।

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালিত হচ্ছে। নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল ও হামদ-নাতের আয়োজন করা হয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনও কবির স্মরণে পৃথক কর্মসূচি নিয়েছে।

১৮৯৯ সালের ২৫ মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। তাঁর ডাকনাম ছিল ‘দুখু মিয়া’। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা নজরুল অল্প বয়সেই সাহিত্য ও সংগীতচর্চায় অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন।

মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল সাহিত্যজীবনে নজরুল কবিতা, গান, গল্প, উপন্যাস, প্রবন্ধসহ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর লেখায় শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, সাম্য, মানবতা ও স্বাধীনতার আকাঙ্ক্ষা যেমন উঠে এসেছে, তেমনি প্রেম ও সৌন্দর্যও পেয়েছে বিশেষ গুরুত্ব। তাঁর কবিতা ও গান পরবর্তী প্রজন্মের মানুষের কাছে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে।

বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ২৪ মে তৎকালীন সরকারের উদ্যোগে ভারত সরকারের অনুমতি নিয়ে কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে বাংলাদেশে আনা হয়। বাংলাদেশে তাঁকে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং রাজধানীর ধানমন্ডিতে রাষ্ট্রীয়ভাবে বসবাসের ব্যবস্থা করা হয়।

১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব প্রদান করে। একই বছর ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন।

### নজরুলের মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজন

জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দুই দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন হবে। আগামীকাল শুক্রবার একই সময়ে জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘আমারে দেবো না ভুলিতে...’ শীর্ষক আয়োজনে নজরুলের জীবন, সাহিত্য ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা, সংগীত ও নৃত্যানুষ্ঠান থাকবে।

নজরুল একাডেমিও তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির সমাধিতে ফাতেহা পাঠ ও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বাদ জোহর সমাধিসংলগ্ন মসজিদে অনুষ্ঠিত হবে মিলাদ মাহফিল।

এ ছাড়া আগামীকাল বিকেল সাড়ে ৫টায় মগবাজারের বেলালাবাদ কলোনিতে নজরুল একাডেমির ‘কাজী নজরুল ইসলাম মিলনায়তনে’ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ২৯ আগস্ট বিকেল সাড়ে ৫টায় একই স্থানে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচি শেষ হবে।

মন্তব্য করুন