আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্য
ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে জমা হওয়া বর্জ্য কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ও চীন। প্রকল্পটি বাস্তবায়িত হলে বর্জ্য থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। আগামী ১৮ মাসের মধ্যে এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পসহ দুই দেশের বিভিন্ন সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, চীনা পক্ষ আগামী দেড় বছরের মধ্যে বর্জ্য থেকে উৎপাদিত ৪২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের বিষয়ে সম্মতি জানিয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রকল্পটির আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় চুক্তি আগামী ২ সেপ্টেম্বর চীনের বেইজিংয়ে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমঝোতা হয়েছে। পরবর্তী ধাপে বিনিয়োগকারী ব্যাংক, সংশ্লিষ্ট কোম্পানি ও বাংলাদেশের পক্ষগুলোর মধ্যে চূড়ান্ত অর্থায়ন চুক্তি সম্পন্ন হবে।
বৈঠকে বাংলাদেশের অন্যান্য অবকাঠামো উন্নয়নেও চীনের অংশগ্রহণের বিষয়টি উঠে আসে। মীর শাহে আলম বলেন, চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল ও মোংলা বন্দর উন্নয়ন নিয়ে চীনের আগ্রহ রয়েছে। বিশেষ করে মোংলা বন্দর আধুনিকায়নের পাশাপাশি চট্টগ্রাম বন্দরের সঙ্গে এর যোগাযোগ ও সংযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
আমিনবাজারের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি হবে, অন্যদিকে জাতীয় গ্রিডে যুক্ত হবে নতুন বিদ্যুৎ। ফলে বর্জ্যকে সম্পদে রূপান্তরের পাশাপাশি পরিবেশ ব্যবস্থাপনাতেও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)