অর্থের সংকটে কোন নাগরিকের চিকিৎসা বন্ধ হবে না: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৫:০২ পিএম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
অর্থের সংকটে দেশের কোনো নাগরিকের চিকিৎসাসেবা ব্যাহত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার।
বুধবার (২৬ আগস্ট) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অসুস্থ ও অসহায় রোগীদের চিকিৎসার জন্য সরকার সহযোগিতা করবে। অর্থের অভাবে কোনো মানুষ যাতে চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে অর্থের অভাবে যেসব দরিদ্র পরিবারের শিশু স্কুলে যেতে পারছে না, তাদের চিহ্নিত করে পাশে দাঁড়াতে হবে। এসব শিশুর পড়াশোনা চালিয়ে নিতে সরকার আর্থিক সহযোগিতা করবে, যাতে তারা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
কর্মী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এজেডএম জাহিদ হোসেন বলেন, জনগণের পাশে থেকে তাদের সমস্যার কথা শুনতে হবে। দলের নেতাকর্মীদের সহনশীল আচরণের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি আরও উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে পাড়া-মহল্লা ও প্রতিটি ওয়ার্ডে যোগ্য ও জনসম্পৃক্ত মানুষকে দলের সঙ্গে যুক্ত করতে হবে। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি।
মন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করছেন। জনগণের আস্থা ধরে রাখতে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসেন, সহসভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন।
কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)