সংসদের তৃতীয় অধিবেশনে কমিটি ও গুরুত্বপূর্ণ বিল অগ্রাধিকার পাবে: চিফ হুইপ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:৩৮ পিএম
সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবিঃ বাসস
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটি গঠন এবং গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপনকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া এ অধিবেশন ৫, ৭ বা ১০ দিনের সংক্ষিপ্ত অধিবেশন হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী এর মেয়াদ বাড়ানো হতে পারে।
বুধবার সংসদ ভবনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চিফ হুইপ বলেন, বিরোধী দলের কাছ থেকে সদস্যদের নাম পাওয়ার পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিগুলো চূড়ান্ত করা হবে। অধিবেশনে প্রায় ছয়টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপিত হতে পারে। এর মধ্যে সম্পত্তি হস্তান্তর, গুম এবং মানবাধিকার সুরক্ষা-সংক্রান্ত বিল রয়েছে।
সম্পত্তি হস্তান্তর-সংক্রান্ত প্রস্তাবিত আইনের বিষয়ে নূরুল ইসলাম মনি বলেন, বাবা-মা সন্তানকে সম্পত্তি লিখে দিলেও তাঁরা জীবিত থাকা পর্যন্ত ওই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার ধরে রাখতে পারবেন। এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের পর বাবা-মায়ের প্রতি সন্তানের অবহেলা ঠেকানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
জুলাই সনদ ও সংবিধান সংশোধনের বিষয়ে চিফ হুইপ বলেন, জুলাই সনদের ধারাবাহিকতায় জনগণ নির্বাচনী ইশতেহার দেখে ভোট দিয়েছে এবং সরকারের ওপর আস্থা রেখেছে। সেই আস্থার ভিত্তিতেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। দেশের প্রয়োজন অনুযায়ী নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে সংশোধন আনা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, সংবিধানের একটি কমা, দাঁড়ি বা সেমিকোলনের পরিবর্তনও সংবিধান সংস্কারের অংশ। জুলাই সনদে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে করা প্রতিটি অঙ্গীকার যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
চিফ হুইপ জানান, সংবিধান সংশোধনের জন্য ১৭ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব রয়েছে। এতে বিএনপির সাতজন এবং জামায়াতের পাঁচজন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ছোট দলগুলো থেকেও একজন করে সদস্য রাখার প্রস্তাব রয়েছে। বিরোধী দল সদস্যদের নাম দিলে তাঁদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।
সংবিধান সংশোধনকে গণতান্ত্রিক ব্যবস্থার স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তিনি ভারতের সংবিধান গত ৭৬ বছরে ১০৬ বার সংশোধনের উদাহরণ দেন।
সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সরকারের ভুলত্রুটি তুলে ধরা, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংশোধনের দাবি জানানো বিরোধী দলের অন্যতম দায়িত্ব। জনগণের সমস্যা ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংসদে তুলে ধরে আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধানের পথ বের করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।
চিফ হুইপ বলেন, তৃতীয় অধিবেশনের মাধ্যমে সংসদীয় কার্যক্রম আরও গতিশীল হবে। গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন, সংসদীয় কমিটির কার্যকারিতা বৃদ্ধি এবং সরকারের জবাবদিহি নিশ্চিত করতে সংসদ আরও কার্যকর ভূমিকা রাখবে।
সরকারের বয়স মাত্র ছয় মাস উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের সব সমস্যা এত অল্প সময়ে সমাধান করা সম্ভব নয়। বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মতো বড় অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নে অন্তত দুই বছর সময় প্রয়োজন হতে পারে। তাই দেশের উন্নয়ন ও সমস্যা সমাধানে জনগণকে ধৈর্য ধরার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিদ্যুৎ খাতের চুক্তি প্রসঙ্গে চিফ হুইপ অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে করা বিভিন্ন চুক্তি দেশের ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ তৈরি করেছে। দায়মুক্তির বিধান রেখে আইন করায় এসব চুক্তি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ সীমিত ছিল বলেও দাবি করেন তিনি। বিদ্যুৎ উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ পরিশোধের কারণে জনগণের অর্থের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন নূরুল ইসলাম মনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)