Logo
×

Follow Us

জাতীয়

ভুল হলে সরকারকে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:১৯ পিএম

ভুল হলে সরকারকে দেখিয়ে দিন: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান

সরকারের কোনো কাজে ভুলত্রুটি থাকলে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হলে সরকারের ভুল চিহ্নিত করার পাশাপাশি সেগুলো সংশোধনের উদ্যোগও নিতে হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কাজ করতে গেলে ভুল হওয়া স্বাভাবিক। তবে সেই ভুল চিহ্নিত করে সংশোধনের মাধ্যমে সামনে এগিয়ে যেতে হবে। সরকারের কোনো সিদ্ধান্ত বা কার্যক্রমে ভুল থাকলে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

দৃষ্টি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার ও প্রতিভা বিকাশের বিষয়েও বক্তব্য দেন মো. আসাদুজ্জামান। তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধী মানুষের জীবনে আলোর পথ তৈরি করার চেয়ে ভালো কাজ আর হতে পারে না। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) দীর্ঘদিন ধরে দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশে কাজ করছে। তিন বছর ধরে এই কার্যক্রমে তৃতীয় লিঙ্গের মানুষকেও যুক্ত করা হয়েছে। তাঁর মতে, তারাও সমাজের অংশ এবং তাদের সমান অধিকার রয়েছে।

আইনমন্ত্রী বলেন, আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য দেশ রেখে যাওয়ার দায়িত্ব সবার। এ ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে আর কোনোভাবেই ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ থাকবে না।

শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে অন্যায় ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, অন্যায় দেখেও যারা নীরব থাকেন, তাদেরও নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক দেশ গড়ে তোলা সম্ভব।

মন্তব্য করুন