Logo
×

Follow Us

জাতীয়

রংপুর হত্যাকাণ্ডে আসামিরা দ্রুততম সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

রংপুর হত্যাকাণ্ডে আসামিরা দ্রুততম সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সময়ে আলোচিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত অপরাধের ঘটনায় পুলিশ যৌক্তিক সময়ের মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনায় পুলিশের দ্রুত পদক্ষেপকে সরকারের অন্যতম সাফল্য হিসেবে তুলে ধরেন তিনি।

রংপুরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনা ঘটার পর যৌক্তিক সময়ের মধ্যেই সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে। এর আগে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছিল, ওই ঘটনায় রাতভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় রামিসা হত্যাকাণ্ডসহ বিভিন্ন আলোচিত অপরাধের প্রসঙ্গও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, এসব ঘটনায় অপরাধীদের আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে। সরকারের দায়িত্ব গ্রহণের পর অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করা ঠিক হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও সময় প্রয়োজন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাতারাতি বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীকে এমনভাবে গড়ে তোলা হবে, যাতে তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীকে শৃঙ্খলিত, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য করুন