Logo
×

Follow Us

জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে গোল্ডকাপ প্রচারে ৭ নির্দেশনা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০১:১৯ পিএম

শিক্ষাপ্রতিষ্ঠানে গোল্ডকাপ প্রচারে ৭ নির্দেশনা

ফাইল ছবি

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার-প্রচারণা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করে। নির্দেশনায় প্রতিযোগিতাটি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ব্যাপকভাবে প্রচারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন দৃশ্যমান স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকে ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানের দর্শনীয় স্থানে ড্রপডাউন ব্যানার টানাতে হবে।

শিক্ষা-সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে নিজ নিজ আওতাধীন এলাকার গুরুত্বপূর্ণ ও দর্শনীয় স্থানে প্রতিযোগিতার লোগো, মাসকট, ড্রপডাউন-গেট ব্যানার ও ফেস্টুন প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এ ছাড়া শ্রেণিকক্ষে পাঠদানের সময় নোটিশের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিযোগিতা সম্পর্কে জানাতে হবে। প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও এ-সংক্রান্ত তথ্য ও নির্দেশনা প্রকাশ করতে হবে।

সরকারি নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেও ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইটে প্রতিযোগিতার তথ্য প্রকাশ ও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ফুটবল ও ক্রীড়া কার্যক্রমে আগ্রহ বাড়ানোর পাশাপাশি জাতীয় পর্যায়ের এই ফুটবল প্রতিযোগিতার প্রচার আরও বিস্তৃত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন