ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আগামীকাল বুধবার। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন বসবে। রাজনৈতিক ও জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ একাধিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্তের কারণে এবারের অধিবেশনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সংবিধান সংশোধন, সংসদীয় কমিটি গঠন, গণভোটের বিধান এবং জুলাই সনদ—এই চার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় অধিবেশনে উত্তপ্ত আলোচনা ও বিতর্ক হতে পারে। বিশেষ করে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের অবস্থানে ভিন্নতা রয়েছে।
সংসদীয় স্থায়ী কমিটি গঠন নিয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও টানাপড়েনের সম্ভাবনা রয়েছে। এসব কমিটিতে বিরোধী দলের ভূমিকা কতটা কার্যকর হবে এবং গুরুত্বপূর্ণ কমিটির সভাপতির পদ কীভাবে বণ্টন করা হবে, তা নিয়েও মতবিরোধ দেখা দিতে পারে।
এদিকে সংসদের তৃতীয় অধিবেশনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। অধিবেশন চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সংসদ এলাকার নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে নির্ধারিত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি বা আইন লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সংবিধান সংশোধন, জুলাই সনদ, গণভোট ও সংসদীয় কমিটি নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং সম্ভাব্য বিতর্কের বিষয়গুলোই আলোচনার কেন্দ্রে থাকতে পারে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)