বিনা খরচে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী: প্রবাসীকল্যাণমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ১১:২৫ এএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার বাংলাদেশি কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং অবৈধ পথে বিদেশযাত্রা বন্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়েছে।
মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি কর্মীদের দক্ষ করে গড়ে তোলার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। বিদেশ যাওয়ার আগে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জন করলে কর্মীরা কর্মক্ষেত্রে আরও ভালো সুযোগ পাবেন এবং অভিবাসন ঝুঁকিও কমবে।
এ লক্ষ্যে সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকায় পাঁচটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। এসব প্রশিক্ষণকেন্দ্র পরিচালনা ও প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, কর্মীদের ইংরেজি, আরবি, জাপানি, চীনা ও কোরিয়ান ভাষায় প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। যে দেশের কর্মসংস্থানের সুযোগ রয়েছে, সে দেশের ভাষা ও কাজের ধরন সম্পর্কে আগেই ধারণা থাকলে বিদেশে গিয়ে কর্মীদের মানিয়ে নেওয়া সহজ হবে।
তিনি বিদেশে যেতে আগ্রহীদের দালাল বা অবৈধ চক্রের মাধ্যমে বিদেশযাত্রা না করে সরকারি ও বৈধ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানান। দক্ষতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ অর্জনের পর নিরাপদ ও বৈধ পথে বিদেশে যাওয়ার ওপর জোর দেন মন্ত্রী।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)