Logo
×

Follow Us

জাতীয়

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আইনমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী: আইনমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

অনুষ্ঠানে আইনগত সহায়তা অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও মহিলাবিষয়ক অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। পরে বক্তব্যে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তার শপথ গ্রহণের ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।

মো. আসাদুজ্জামান বলেন, সরকার সংবিধান ও আইনের বিধান মেনেই রাষ্ট্র পরিচালনা করছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণের ক্ষেত্রেও আইনগত কোনো সমস্যা হয়নি বলে তিনি উল্লেখ করেন।

আইনমন্ত্রী আরও বলেন, সরকার রাজনৈতিক উদ্দেশ্যে করা মিথ্যা মামলা, গুম ও ক্রসফায়ারের সংস্কৃতি বন্ধ করে দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাদী হয়ে কোনো মিথ্যা মামলা করেনি বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, কোনো ভুক্তভোগীর পক্ষে নিজস্ব আইনজীবী নিয়োগের আর্থিক সক্ষমতা না থাকলে রাষ্ট্র তার আইনি সহায়তায় পাশে থাকবে। বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আইনগত অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

আইনমন্ত্রী বলেন, সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করা এবং আইনের সুরক্ষা সবার কাছে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

মন্তব্য করুন