Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ

স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থায় প্রযুক্তিনির্ভরভাবে কর্মীদের উপস্থিতি নিবন্ধন ও পর্যবেক্ষণ করা হবে।

এ লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশনের প্রশাসক, পৌরসভার মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সব কর্মকর্তা-কর্মচারীকে আধুনিক ডিজিটাল হাজিরা ব্যবস্থার আওতায় নিবন্ধন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতেও প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, নতুন হাজিরা ব্যবস্থায় ফেস রিকগনিশন ও ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে উপস্থিতির তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে।

এ ছাড়া ক্লাউডভিত্তিক অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে হাজিরার তথ্য কেন্দ্রীয়ভাবে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা যাবে। ফলে কর্মীদের উপস্থিতি, অনুপস্থিতি ও কর্মস্থলে সময়মতো উপস্থিতির বিষয়টি সহজেই নজরদারির আওতায় আনা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালু হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে কর্মীদের উপস্থিতি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে। পাশাপাশি অনিয়মিত উপস্থিতি নিয়ন্ত্রণ এবং অফিস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতেও প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।

প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে দ্রুত এ নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মন্তব্য করুন