Logo
×

Follow Us

জাতীয়

দেশে সারের মজুত পর্যাপ্ত: তথ্য উপদেষ্টা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

দেশে সারের মজুত পর্যাপ্ত: তথ্য উপদেষ্টা

ছবিঃ বাসস

দেশে সারের কোনো ঘাটতি নেই; বরং কৃষকের চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে কিছু এলাকায় সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় সাময়িক সমস্যা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারের বর্তমান মজুত পরিস্থিতি তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, দেশে বর্তমানে ইউরিয়া ৪ লাখ ৮২ হাজার টন, টিএসপি ৩ লাখ ৬৯ হাজার টন, ডিএপি ৩ লাখ ৬৮ হাজার টন এবং এমওপি ১ লাখ ৪৬ হাজার টন রয়েছে। সব মিলিয়ে দেশে মোট ১৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার মজুত আছে।

তিনি বলেন, কৃষকদের যেন সারের জন্য কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য আগাম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট সরকারি ক্রয়সংক্রান্ত বৈঠকে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে এক সপ্তাহের ব্যবধানে কানাডা, রাশিয়া ও সৌদি আরব থেকে আরও ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন সার কেনার অনুমোদন দেওয়া হয়।

তথ্য উপদেষ্টা বলেন, দেশের কোথাও কোথাও সারের বিতরণ ব্যবস্থায় কিছু অনিয়ম বা অসংগতি দেখা দিয়েছে। কিছু ডিলার নির্ধারিত সময়ে বরাদ্দের সার না তোলায় সাময়িক সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলিসহ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক পরিস্থিতির কারণেও আগাম প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার ভাষ্য, বিশ্বে সার পরিবহনের প্রায় ২৫ শতাংশ হরমুজ প্রণালীনির্ভর। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং এলনিনোর মতো বৈশ্বিক ঝুঁকি বিবেচনায় নিয়ে দেশে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার আগাম পদক্ষেপ নিচ্ছে।

ব্রিফিংয়ে সরকারের বিরুদ্ধে ছড়ানো অপতথ্য নিয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, সরকারের বিরুদ্ধে ডিজিটাল মাধ্যমে ৪৬৪টি এবং প্রধানমন্ত্রীর নামে ১৫৭টি অসত্য ও অপতথ্য ছড়ানোর তথ্য পাওয়া গেছে। এসব ঘটনায় আইনি ব্যবস্থা নিতে আইন মন্ত্রণালয়ের সমন্বয়ে প্যানেল আইনজীবী চূড়ান্ত করা হচ্ছে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশসহ প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় পিআইবির ‘বাংলা ফ্যাক্ট’ কার্যক্রমকে ‘নিউ মিডিয়া প্রজেক্ট’-এর আওতায় আরও বিস্তৃত করার উদ্যোগের কথাও জানান তিনি।

জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তথ্য উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম প্রতি ইউনিট ১২ থেকে ১৪ ডলার থেকে বেড়ে ২৪ ডলারে উঠেছে। এর সঙ্গে এফএসআরইউ দুর্ঘটনার কারণে সাময়িকভাবে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশীয় উৎস থেকে গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, দৈনিক ১ হাজার ৭৫০ এমএমসিএফডি গ্যাস উৎপাদনের লক্ষ্যে ১৫০টি কূপে খনন ও পুনঃখনন কার্যক্রম চলছে। পাশাপাশি ভোলা থেকে পাইপলাইনের মাধ্যমে দ্রুত গ্যাস আনার কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। শিল্পপ্রতিষ্ঠানের বকেয়া গ্যাস ও বিদ্যুৎ বিল এককালীন পরিশোধের পরিবর্তে ১২ মাসের কিস্তিতে দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করছে।

বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন নিয়েও ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, চতুর্থ প্রজন্মের এমআরসিএ মাল্টি রোল কমব্যাট ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং আধুনিক ইউএভি সিস্টেম কেনার বিষয়ে আলোচনা চলছে।

শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ভাতা প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘ চার বছর ধরে জমে থাকা অবসর ও কল্যাণ ভাতার ২ হাজার ৩৫ কোটি ৮৬ লাখ টাকা ডিজিটাল পদ্ধতিতে ৬৪ জেলার শিক্ষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

এ ছাড়া ৪১ লাখ পরিবারের জন্য ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে সর্বজনীন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে বলে জানান তিনি। সরকারের এ উদ্যোগ গ্রামীণ অর্থনীতিতে চাহিদা ও অর্থের প্রবাহ বাড়িয়ে বহুমুখী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তথ্য উপদেষ্টা।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সচিব মাহবুবা ফারজানা এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন