ঢাকার পানি সংকট সমাধানে ডেনমার্কের সহায়তা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম
ছবিঃ বাসস
ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা পূরণ ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি উন্নয়ন প্রকল্পেও ডেনমার্ককে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সাথে বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়ানো এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত নতুন দায়িত্ব নেওয়ায় স্থানীয় সরকারমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
ড. আবদুল মঈন খান বলেন, ঢাকার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও দেশটির বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বা ফেজ-৩ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ডেনমার্ক সরকার মোট সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং বাকি ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের ফেজ-৩ বাস্তবায়নে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য গুরুত্বপূর্ণ অর্জন। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতে বিশুদ্ধ পানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় ধরনের সহায়তা পাওয়া যাবে।
তিনি বলেন, ঢাকার জনসংখ্যা ও পানির চাহিদা ধারাবাহিকভাবে বাড়ছে। এ অবস্থায় নতুন পানি শোধন সক্ষমতা তৈরি করা জরুরি। ডেনমার্কের অর্থায়ন ও কারিগরি সহযোগিতায় সায়েদাবাদ প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়িত হলে নগরবাসীর পানি সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)