সংসদ অধিবেশন ঘিরে ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে সম্পন্ন করতে রাজধানীর জাতীয় সংসদ ভবন ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়। আগামী ২৭ আগস্ট থেকে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদ অধিবেশনকে কেন্দ্র করে শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৬ আগস্ট বুধবার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় এসব এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা যাবে না। একই সঙ্গে যেকোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনও নিষিদ্ধ থাকবে।
ডিএমপির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতাধীন এলাকার মধ্যে রয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত এলাকা। এর সঙ্গে বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত এলাকাও রয়েছে।
এ ছাড়া মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর সড়কের সংযোগস্থল পর্যন্ত এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি ও পর্যটন ক্রসিং পর্যন্ত এলাকাও এর অন্তর্ভুক্ত।
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং নির্ধারিত সীমানার ভেতরের সব রাস্তা ও গলিপথেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ডিএমপি জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ফলে অধিবেশন চলাকালে নির্ধারিত এলাকাগুলোতে জনসমাগম ও রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)