Logo
×

Follow Us

জাতীয়

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ছবিঃ বাসস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার নির্বাচনসহ আলোচনার বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনা শেষে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে দেশটি।

প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে মোট ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে কাজ বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এই সহায়তার মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিশোধের সুযোগ থাকায় প্রকল্পের অর্থায়ন সরকারের ওপর তাৎক্ষণিক বড় ধরনের চাপ তৈরি করবে না। প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।

এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও বৈঠকে জানানো হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন, পানি সরবরাহ ও মানবিক সহায়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

মন্তব্য করুন