Logo
×

Follow Us

জাতীয়

গ্রাম আদালত সক্রিয় করতে চালু হচ্ছে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম

গ্রাম আদালত সক্রিয় করতে চালু হচ্ছে ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার

 

গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করতে দেশের প্রতিটি জেলা থেকে ‘সেরা গ্রাম আদালত কার্যক্রম পরিচালনাকারী ইউনিয়ন পরিষদ’ এবং ‘সেরা চেয়ারম্যান’ নির্বাচনের উদ্যোগ নিয়েছে সরকার। ভালো কার্যক্রম পরিচালনাকারীদের স্বীকৃতি ও পুরস্কারের মাধ্যমে অন্য ইউনিয়ন পরিষদগুলোকে আরও সক্রিয় করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব মো. আব্দুর রহমান।

পরিপত্রে বলা হয়েছে, ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ’ প্রকল্পের আওতায় গ্রাম আদালতের কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জনকারী ইউনিয়ন পরিষদগুলোকে চিহ্নিত করে স্বীকৃতি ও পুরস্কার দেওয়া হবে। এর মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা তৈরি হবে এবং গ্রাম আদালতের কার্যক্রমে অংশগ্রহণ আরও বাড়বে বলে আশা করছে সরকার।

এ জন্য দেশের জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার ইউনিয়ন পরিষদগুলোর মধ্য থেকে নির্ধারিত বিভিন্ন সূচক ও মানদণ্ডের ভিত্তিতে সেরা ইউনিয়ন পরিষদ এবং সেরা চেয়ারম্যান নির্বাচন করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচিতদের স্থানীয় পর্যায়ে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি ও পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করতে বলা হয়েছে।

সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান নির্বাচনের ক্ষেত্রে গ্রাম আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা, নারী আবেদনকারীর অংশগ্রহণ, মামলা নিষ্পত্তির হার এবং সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসার মতো বিষয় বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি আদালতের ফি ও জরিমানা আদায়ে আইন ও বিধি অনুসরণ এবং গ্রাম আদালতের জন্য বরাদ্দ বিশেষ তহবিল বা অনুদানের সঠিক ব্যবহারের বিষয়ও মূল্যায়ন করা হবে।

এ ছাড়া মামলা ও বিরোধ নিষ্পত্তি-সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে সংরক্ষণ, লিখিত তথ্য ব্যবস্থাপনা এবং গ্রাম আদালতের সার্বিক পরিচালনায় ইউনিয়ন পরিষদের দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।

পরিপত্রে গ্রাম আদালতের কার্যক্রমে সহযোগিতা করা ইউনিয়ন পরিষদের সচিব এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরের মাসিক সম্মানী ও যাতায়াত ভাতা বাড়ানোর প্রস্তাবের কথাও উল্লেখ করা হয়েছে।

গ্রাম পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত ও স্থানীয়ভাবে নিষ্পত্তির সুযোগ আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব জেলা প্রশাসকের কাছে স্থানীয় সরকার বিভাগের পরিপত্র পাঠানো হয়েছে।

মন্তব্য করুন