Logo
×

Follow Us

জাতীয়

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১২:২২ এএম

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’কে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ইসলামি দেশগুলোর মধ্যে এ ধরনের নিরাপত্তা উদ্যোগে বাংলাদেশের অংশ নেয়া অস্বাভাবিক কিছু নয়।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনো ডেভেলপমেন্ট আছে কি না– জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, মক্কা প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আমরা আগ্রহ প্রকাশ করেছি। তাই মধ্যপ্রাচ্যে ইসলামি দেশগুলোর মধ্যে যদি কোনো নিরাপত্তা চুক্তি বা উদ্যোগ হয়, তাতে অংশ নেয়া অস্বাভাবিক নয়। দেখা যাক। বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান স্বীকৃতি পাচ্ছে। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের অংশীজনরা ঢাকার সাথে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছেন।

তিনি বলেন, তারা বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, সেখানে গিয়ে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে।

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষের কাছে পবিত্র নগরী মক্কার গুরুত্ব তুলে ধরে হুমায়ুন কবির বলেন, মক্কা বাংলাদেশের হৃদয়ে এবং মানুষের হৃদয়ে।

উল্লেখ্য, মক্কা প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি। গত ৭ আগস্ট মক্কায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটোর আদলে করা এ চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে গণ্য করা হবে।

মন্তব্য করুন