Logo
×

Follow Us

জাতীয়

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবিঃ পিআইডি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে দুই দেশের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

সোমবার সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে পানি ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা, নবায়নযোগ্য জ্বালানি ও কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এসব খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী।

ড. আবদুল মঈন খান বলেন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ কর্মসূচি বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই হবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি নগর ব্যবস্থাপনা ও পরিবেশ সুরক্ষায় কার্যকর বর্জ্য ব্যবস্থাপনাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ক্ষমতায় বিশ্বাস করে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। জনগণের জীবনমান উন্নয়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সাক্ষাতের শুরুতে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নতুন দায়িত্ব নেওয়ায় মন্ত্রীকে শুভেচ্ছা জানান। একই সাথে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন তিনি।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীও বর্জ্য ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিচ্ছেন। এ খাতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে স্থানীয় সরকার ও উন্নয়ন খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরির বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রফিকুল ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন