Logo
×

Follow Us

জাতীয়

রাজনীতি চলুক, ব্যবসায় এগোতে থাক ঢাকা-দিল্লি: ত্রিবেদী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০২:৫৯ পিএম

রাজনীতি চলুক, ব্যবসায় এগোতে থাক ঢাকা-দিল্লি: ত্রিবেদী

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তাঁর মতে, দুই দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও বিদ্যুতের চাহিদা পূরণে পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো জরুরি।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মানুষের মধ্যে মেধা ও সম্ভাবনার কোনো ঘাটতি নেই। বিশেষ করে দুই দেশের তরুণদের প্রত্যাশা অনেক। তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে দুই দেশেরই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত।

তিনি বলেন, সাধারণ মানুষ ভালো চাকরি, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা, উন্নত সড়ক যোগাযোগ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চায়। এসব চাহিদা পূরণে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক ও অর্থনৈতিক—দুই দিক থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্ককে দেখতে হবে।

ভারতীয় হাইকমিশনার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তবে সাধারণ মানুষের প্রত্যাশা মূলত উন্নয়ন ও সমৃদ্ধি। আর সেই উন্নয়নের জন্য দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

ঢাকা-দিল্লি সম্পর্ক জোরদারে পারস্পরিক নির্ভরতার ওপর গুরুত্ব দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ যেমন ভারতের ওপর নির্ভর করতে পারে, তেমনি ভারতেরও বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এই আন্তঃনির্ভরশীলতা দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে।

তিনি বলেন, অর্থনীতি ও রাজনীতি—দুটিই গুরুত্বপূর্ণ। তবে সাধারণ মানুষের প্রধান চাহিদা শান্তি ও স্থিতিশীলতা। শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হলে অর্থনৈতিক সমৃদ্ধির পথও সহজ হয়। তাই দুই দেশের তরুণ প্রজন্মকে শান্তি ও উন্নয়নের সুযোগ করে দেওয়া জরুরি।

বাংলাদেশ ও ভারতে তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বেশি উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, দুই দেশের নীতিনির্ধারণে তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ-ভারত বাণিজ্যে তৈরি পোশাক খাতে যৌথ উদ্যোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়িয়ে উৎপাদন ও বাণিজ্যের পরিসর সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, **রাজনীতি তার নিজস্ব গতিতে চলবে, তবে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া উচিত।** একই সাথে সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে সমতার বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেন ভারতীয় হাইকমিশনার। তাঁর বক্তব্য, বাংলাদেশ ও ভারত উভয়ই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। দুই দেশের কেউ কারও চেয়ে বড় বা ছোট নয়; সমতার ভিত্তিতেই পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।

মন্তব্য করুন