Logo
×

Follow Us

জাতীয়

ভারত সফরের সময় নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০১:৪৮ পিএম

ভারত সফরের সময় নিয়ে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময়সূচি নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনায় নিয়ে সফরের তারিখ চূড়ান্ত করা হবে বলে জানান তিনি।

সোমবার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের দপ্তরে প্রথম কর্মদিবসে দায়িত্ব পালন করতে এসে সাংবাদিকদের  সাথে আলাপকালে এসব কথা বলেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরটি নিয়ে দুই দেশই কাজ করছে। ঢাকা ও দিল্লির পারস্পরিক সুবিধাজনক সময়ের ভিত্তিতেই সফরের দিনক্ষণ নির্ধারণ করা হবে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, নতুন দায়িত্বে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখাই অন্যতম প্রধান লক্ষ্য।

হুমায়ুন কবির বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক সমতা, ন্যায্যতা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি আরও কয়েকটি দেশের সাথে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন