গ্যাস আমদানিতে বিগত ১৭ বছর লুটপাটের অভিযোগ প্রধানমন্ত্রীর প্রেস সচিবের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:৪৮ এএম
ছবিঃ সংগৃহীত
গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে দেশে বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (শিবলী)। তাঁর অভিযোগ, গত ১৭ বছরে গ্যাস আমদানির নামে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবলী বলেন, গ্যাসের আমদানিনির্ভরতা কমিয়ে দেশের নিজস্ব উৎস থেকে উৎপাদন বাড়াতে পারলে বিদ্যুৎ সংকট অনেকটাই দূর করা সম্ভব হবে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিগগিরই এ সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেবে বলেও তিনি জানান।
তিনি বলেন, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। আগামী দিনে গ্যাস ও বিদ্যুৎ খাতে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব আরও বলেন, বিএনপি দেশের মানুষের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে কাজ করছে। ধর্ম, বর্ণ ও মতের ভিন্নতা নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক ও চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য পৃথক পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের ২৫ ডিসেম্বর বিএনপির চেয়ারম্যান স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকারের উদ্যোগের সুফল পেতে কিছুটা সময় ও ধৈর্য প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
সমাবেশে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)