Logo
×

Follow Us

জাতীয়

চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:২৬ এএম

চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ছবিঃ সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। রোববার রাতে এ সতর্কবার্তা দেওয়া হয়। তবে লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপের প্রভাবে সোমবার (২৪ আগস্ট) দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত কিছুটা বাড়তে পারে। রাজধানী ঢাকাতেও দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, চলতি মাসে এরই মধ্যে দুই দফা নিম্নচাপ সৃষ্টি হলেও সেগুলোর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। বর্তমান লঘুচাপটিরও নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা কম। এর প্রভাবে উপকূলীয় এলাকায় মাঝে মাঝে বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও বৃষ্টির পরিমাণ সাময়িকভাবে বাড়তে পারে।

ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, বর্তমান লঘুচাপের কারণে বাংলাদেশে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা নেই। চলতি সপ্তাহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও টানা বৃষ্টির সম্ভাবনা কম। তবে আগামী রোববার বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এরপর আরও দুই দিন পর বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এদিকে রোববারের তুলনায় সোমবার দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন