বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হলেন আবদুর রহমান খান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১১:১২ এএম
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবসর-উত্তর ছুটি ও এ-সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে আবদুর রহমান খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক রাখতে পারবেন না।
নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও সুবিধা পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে আবদুর রহমান খান বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এবং সংস্থাটির সংশ্লিষ্ট কার্যক্রম ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৪ সালের ১৪ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান মো. আবদুর রহমান খান। এনবিআরের দায়িত্ব নেওয়ার আগে তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
চলতি বছরের ২৯ জুন এনবিআর চেয়ারম্যান হিসেবে তাঁর চাকরির মেয়াদ শেষ হয়। এরপর নতুন দায়িত্বে বিশ্বব্যাংকে বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)