Logo
×

Follow Us

জাতীয়

শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিলেন ডেপুটি স্পিকার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিলেন ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ বা অবকাঠামো উন্নয়ন করলেই শিক্ষার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের গুণগত ও মানবিক বিকাশ নিশ্চিত করতে হবে।

রোববার দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি (বিরিশিরি) মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুর্গাপুর উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

ডেপুটি স্পিকার বলেন, উন্নয়ন বলতে শুধু ভবন নির্মাণকে বোঝালে চলবে না। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যদি ভালো ফলাফল ও মানসম্মত শিক্ষার্থী তৈরি না হয়, তাহলে বড় ভবন নির্মাণের সুফল কতটা পাওয়া যাবে, সে বিষয়টি বিবেচনা করতে হবে। তিনি নিজেকে গতানুগতিক রাজনৈতিক কর্মী বা সংসদ সদস্য হিসেবে না দেখে শিক্ষার প্রকৃত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান।

দুর্গাপুর ও কলমাকান্দার কয়েকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সাম্প্রতিক ফলাফল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন কায়সার কামাল। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানপ্রধানদের সমন্বিতভাবে বসে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।

শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন ডেপুটি স্পিকার। এ প্রসঙ্গে জাপানের শিক্ষাব্যবস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নয়, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ শেখানোর দিকেও গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশেও পুঁথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

কারিগরি শিক্ষার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে দক্ষতা-ভিত্তিক শিক্ষার গুরুত্ব অনেক বেড়েছে। কারিগরি শিক্ষায় শিক্ষিতদের কর্মসংস্থানের সুযোগ তুলনামূলকভাবে বেশি হওয়ায় শিক্ষার্থীদের এ ধারার শিক্ষার প্রতিও আগ্রহী করে তুলতে হবে।

অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে কায়সার কামাল জানান, সাধারণ শাখায় জিপিএ-৫ পাওয়া ২৮ শিক্ষার্থীর মধ্যে ২১ জনই নারী। তিনি আশা প্রকাশ করেন, নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা অঞ্চল থেকেই ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মতো যোগ্য নেতৃত্ব তৈরি হবে।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে ডেপুটি স্পিকার নিজের পক্ষ থেকে বিশ্বখ্যাত সাহিত্যিক লিও টলস্টয়ের *How Much Land Does a Man Need?* বই উপহার দেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

মন্তব্য করুন