সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:৪৮ পিএম
ছবিঃ বাসস
সরকারের নেওয়া সিদ্ধান্ত ও বিভিন্ন পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে নেওয়া অনেক সিদ্ধান্ত যথাসময়ে বাস্তবায়ন না হওয়ায় এখন দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নবনিযুক্ত মন্ত্রী আন্দালিভ রহমানের সাথে মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন দপ্তর-সংস্থার প্রধানদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
ইয়াসের খান চৌধুরী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে বড় ধরনের পরিবর্তনের প্রয়োজন রয়েছে। মন্ত্রণালয়ের প্রতিটি দপ্তর ও সংস্থার জন্য আলাদা পরিকল্পনা রয়েছে। এখন এসব পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত অগ্রসর হওয়ার সময় এসেছে। অতীতে সিদ্ধান্ত নেওয়ার পর বাস্তবায়নে নানা ধরনের বিলম্ব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, নবনিযুক্ত মন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের নিজস্ব পরিকল্পনা ও সিদ্ধান্ত অনুযায়ী গৃহীত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দ্রুত উদ্যোগ নিতে হবে। আইন, বিধি ও নীতিমালা অনুসরণ করেই এসব কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।
বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ সংবাদ সংস্থা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়ন দ্রুত শেষ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছায় উল্লেখ করে তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো গেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রমের মান, গ্রহণযোগ্যতা ও সুনাম আরও বাড়বে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের কার্যক্রমের মাধ্যমে সরকারের বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরা সম্ভব। এতে সরকারের কাজ সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক ধারণা তৈরিতেও সহায়তা করবে।
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানকে স্বাগত জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতি ও দেশের প্রেক্ষাপটে আন্দালিভ রহমান পরিচিত মুখ। তিনি একজন দক্ষ সংগঠক ও গতিশীল ব্যক্তি বলেও মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক ও কর্মসম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, একই মন্ত্রণালয়ে এখন একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে আরও গতি আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানাও বক্তব্য দেন। সভার শুরুতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থার প্রধানরাও তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)