সাংবিধানিক নিয়ম মেনেই স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০২:২৪ পিএম
ছবিঃ বাসস
সাংবিধানিক বিধান মেনেই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সংবিধানে নির্ধারিত নিয়ম অক্ষরে অক্ষরে অনুসরণ করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে সরকার।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং গণমাধ্যমকর্মীদের সাথে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, অতীতে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, বর্তমান গণতান্ত্রিক সরকার সেই পদ্ধতিতে নির্বাচন আয়োজন করবে না। তিনি দাবি করেন, বিএনপিকে ক্যান্টনমেন্টের দল বলা হলেও আওয়ামী লীগই দেশে গণতন্ত্রকে হত্যা করেছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন।
সরকারি কার্যক্রমে দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে আবদুল মঈন খান বলেন, কোনো ধরনের দুর্নীতিকে সরকার প্রশ্রয় দেবে না। কেউ দুর্নীতিতে জড়িত হলে যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দেশে আইনের শাসন ও আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য। এজন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আইন ও নিয়মের মধ্যে থেকে কার্যকরভাবে পরিচালনা করা হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)