স্বচ্ছতা নিশ্চিত করতে একসাথে কাজের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম
ছবিঃ বাসস
সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থার প্রধানদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবস উপলক্ষে আয়োজিত পরিচিতি সভায় তিনি এ আহ্বান জানান। সভা শুরুর আগে সকাল সাড়ে ৯টার দিকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজও তাকে শুভেচ্ছা জানান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বক্তব্য দেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।
সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যম গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। দীর্ঘ সময় ধরে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চলেছে উল্লেখ করে তিনি বলেন, আগের সময়ে গণমাধ্যমের ওপর যে নিয়ন্ত্রণ ছিল, সেখান থেকে বেরিয়ে এসে স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করা সরকারের অন্যতম লক্ষ্য।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ তুলে আন্দালিভ রহমান বলেন, ওই সময়ে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। জনগণের তথ্য জানার অধিকার রয়েছে। সরকার কী করছে এবং কী সিদ্ধান্ত নিচ্ছে, সে বিষয়ে জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরা সরকারের নৈতিক দায়িত্ব।
মন্ত্রী কর্মকর্তাদের অভিজ্ঞতার প্রশংসা করে বলেন, প্রশাসনিক কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা তার চেয়ে বেশি। দেশের স্বার্থ এবং জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সরকারি কোনো সিদ্ধান্তের কারণে যেন কারও প্রতি অন্যায় বা অবিচার না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিচিতি সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং অধীনস্থ দপ্তর-সংস্থার প্রধানরা নিজেদের পরিচয় তুলে ধরেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)