Logo
×

Follow Us

জাতীয়

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০৮ পিএম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার (২৩ আগস্ট) বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে এডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।

র‍্যাংক ব্যাজ পরানোর অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন তিনি। রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সাথে প্রশিক্ষণ শেষে ১৯৮৯ সালের ১ জুলাই এক্সিকিউটিভ ব্রাঞ্চে কমিশন লাভ করেন। ৮৭-এ ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধায় তিনি প্রথম স্থান অর্জন করেন।

শিক্ষাজীবনে এডমিরাল আজীম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি অর্জন করেন। পাশাপাশি এমফিল এবং কৌশলগত, প্রতিরক্ষা ও অপারেশনাল স্টাডিজে তিনটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, আর্মড ফোর্সেস ওয়ার কোর্স এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্র্যাজুয়েট। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধাতালিকায় স্থান পাওয়ায় তিনি রাষ্ট্রপতির কাছ থেকে চ্যান্সেলর অ্যাওয়ার্ডও লাভ করেন।

দীর্ঘ সামরিক জীবনে তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন, বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট এবং নৌবাহিনী সদর দপ্তরের পরিচালক নৌ-অপারেশন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এডমিরাল আজীম আন্তর্জাতিক পর্যায়েও দায়িত্ব পালন করেছেন। লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কাজ করার পাশাপাশি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। রাষ্ট্রদূত থাকাকালে বাংলাদেশ-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করেন।

সামরিক জীবনে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ পারদর্শিতা পদক (এনপিপি), জাতীয় শুদ্ধাচার পুরস্কার ও জাতীয় স্কাউট পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এছাড়া নৌবাহিনী প্রধানের প্রশংসাসূচক ইনসিগনিয়াও তিনবার অর্জন করেছেন।

পেশাগত দায়িত্বের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা ও নৌ-কৌশল নিয়ে লেখালেখি ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। বাংলা ও ইংরেজির পাশাপাশি মালে ও ফরাসি ভাষায়ও তার ব্যবহারিক দক্ষতা রয়েছে। ব্যক্তিজীবনে তিনি বেগম নুরতাজ আজীমের সঙ্গে বিবাহিত এবং তাঁদের দুই কন্যাসন্তান রয়েছে।

মন্তব্য করুন