Logo
×

Follow Us

জাতীয়

বিমান ও নৌবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:০৩ পিএম

বিমান ও নৌবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিমান ও নৌবাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতি প্রক্রিয়ার জন্য গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিমানবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পর্ষদের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য মূল্যায়ন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের পদোন্নতি নির্ধারণে সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি রাজনৈতিক মতাদর্শ এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাবের বাইরে থেকে যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির জন্য বিবেচনার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্ব দেওয়ার সক্ষমতা, শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাকে প্রধান মানদণ্ড হিসেবে গুরুত্ব দিতে হবে।

নির্বাচনী পর্ষদের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা পরিদর্শন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

মন্তব্য করুন