এমপিও শিক্ষকদের বদলি আবেদন শুরু
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন গ্রহণ শুরু হয়েছে। এ জন্য ১৪ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার (১৮ আগস্ট) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে বদলির আবেদন করা যাবে ২৭ আগস্ট পর্যন্ত। বদলি নীতিমালা অনুযায়ী আগ্রহী শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে মোবাইলে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা-২০২৩ (সংশোধিত) অনুসারে সফটওয়্যারের মাধ্যমে পুরো কার্যক্রম পরিচালিত হবে।
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত সব ধরনের শিক্ষক এ আবেদনের সুযোগ পাবেন। এর মধ্যে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রতিষ্ঠানপ্রধান, প্রদর্শক ও ট্রেড ইনস্ট্রাক্টররাও রয়েছেন। বদলি হলে কোনো শিক্ষক টিএ বা ডিএ পাবেন না।
একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে পারবেন। আবেদনগুলো নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই ও প্রক্রিয়াকরণ করা হবে। এরপর কর্তৃপক্ষ বদলির ভিত্তিতে পদায়নের আদেশ জারি করবে।
বদলির ক্ষেত্রে শিক্ষককে চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় অগ্রাধিকার ভিত্তিতে আবেদন করতে হবে। নিজ জেলায় সংশ্লিষ্ট পদে শূন্যতা না থাকলে একই বিভাগের অন্য জেলার শূন্য পদের জন্য আবেদন করার সুযোগ থাকবে। এছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা কিংবা তাঁর কর্মস্থলের জেলাতেও বদলির আবেদন করা যাবে। তবে এ ক্ষেত্রে স্বামী বা স্ত্রীকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত হতে হবে।
বদলির যোগ্যতার ক্ষেত্রে প্রথমবার চাকরিতে যোগদানের পর অন্তত দুই বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক। একইভাবে একবার বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার পর সেখানে ন্যূনতম দুই বছর চাকরি সম্পন্ন না হলে পরবর্তী বদলির জন্য আবেদন করা যাবে না।
মাউশি জানিয়েছে, আবেদনে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে তা গ্রহণযোগ্য হবে না। ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়া বদলির আবেদন করলেই তা পাওয়ার অধিকার তৈরি হবে না।
কোনো শিক্ষকের বিরুদ্ধে স্টপ পেমেন্টের আদেশ, সাময়িক বরখাস্তের আদেশ বা ফৌজদারি মামলা চলমান থাকলে তিনি বদলির জন্য যোগ্য বিবেচিত হবেন না। এসব শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট শিক্ষক বদলির আবেদন করতে পারবেন না। আবেদন করার আগে নিজেদের তথ্য ও যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে মাউশি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)