বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে উঠছেন। সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানিয়েছে, বঙ্গভবনের ২ নম্বর গেটে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার মঞ্চে নিয়ে যাবে পুলিশের একটি সুসজ্জিত দল। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার দেবে। আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তাঁর কার্যালয়ে যাবেন।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।
বৃহস্পতিবার অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা এই নেতা রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দলীয় পদ থেকে সরে দাঁড়ান।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল শনিবার (২২ আগস্ট) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মির্জা ফখরুল। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং একটি উদয় পদ্মবৃক্ষের চারা রোপণ করেন। পরিদর্শন বইয়ে তিনি মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
আজ বঙ্গভবনে ওঠার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মিত দাপ্তরিক কার্যক্রম আরও আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)