দেশে ফিরলো কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:২৫ পিএম
ছবি: সংগৃহীত
কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির মধ্যে ৬ জনের মরদেহ দেশে আনা হয়েছে। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে একজন এবং বেনাপোল দিয়ে ৫ জনের মরদেহ দেশে পৌঁছায়।
শনিবার (২২ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিহতদের মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় কর্তৃপক্ষ ও নিহতদের পরিবারের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ছাড়া কুষ্টিয়ার দেবাশীষ দত্ত ও তার পরিবারের তিন সদস্য আফসানা শারমিন, শর্ণশিষ দত্ত ও মো. আকরাম আলী এবং ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহ পেট্রাপোল-বেনাপোল সীমান্ত দিয়ে শনিবার বিকালে দেশে আনা হয়।
কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন জানিয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন ও দেশে ফেরত পাঠানোর পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পরিবারগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হয়েছে।
এদিকে নিহত সাত বাংলাদেশির মধ্যে সাতক্ষীরার রেবতী সরকারের মরদেহ তার পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতায় সৎকার করা হয়েছে। এ ক্ষেত্রেও বাংলাদেশ উপ-হাইকমিশন আর্থিকসহ প্রয়োজনীয় সহযোগিতা করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় এ দুর্ঘটনায় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
উল্লেখ্য, গত ১৯ আগস্ট কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নিহত হন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)