Logo
×

Follow Us

জাতীয়

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় মঈন খানের

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় মঈন খানের

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

আবদুল মঈন খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তিনি আপসহীন নেত্রী হিসেবে পরিচিতি পান। পরে ১৯৯১ সালে জনগণের ভোটে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।

মঈন খান বলেন, সেই ধারাবাহিকতায় ২০২৬ সালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশকে নতুনভাবে গড়ে তোলার কাজ করবে। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সরকার কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মন্ত্রিসভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে তিনি বলেন, কয়েক মাস আগে গঠিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী যুক্ত হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। বিশ্বের অন্যান্য দেশেও প্রয়োজন অনুযায়ী মন্ত্রিসভায় এ ধরনের পরিবর্তন ও সংযোজন হয়ে থাকে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে অবগত রয়েছেন। এসব সংকট মোকাবিলা করে বাংলাদেশকে আরও গতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা সরকারের অন্যতম লক্ষ্য।

দেশের বর্তমান পরিস্থিতিকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার সময়ও বাংলাদেশের মানুষ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। সেই সময় কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপরও গুরুত্ব দেন মঈন খান। তাঁর ভাষ্য, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে এবং বিএনপি প্রতিবারই দেশকে গণতন্ত্রের পথে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে।

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন