বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শনে ডা. জুবাইদা রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
ছবিঃ সংগৃহীত
গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য আয়োজিত বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। শনিবার (২২ আগস্ট) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ক্যাম্পে গিয়ে তিনি চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ক্যাম্পে পৌঁছে ডা. জুবাইদা রহমান চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের চোখের বিভিন্ন সমস্যা ও চিকিৎসাসংক্রান্ত অভিজ্ঞতার খোঁজ নেন। পরে তিনি ক্যাম্পের পাঁচটি কক্ষ ঘুরে দেখেন এবং সেখানে রোগীদের সেবা দেওয়ার কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আয়োজকরা জানান, ক্যাম্পে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। চোখের বিভিন্ন সমস্যায় ভোগা নিম্নআয়ের মানুষ এই সেবা গ্রহণ করছেন।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সেবাগ্রহীতাদের অনেকে সন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা পাওয়ার সুযোগ সহজ করে দিয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)