ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যেই ভোট: ইসি
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে। সংবিধান ও নির্বাচনী বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যেই আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনও সামনে রয়েছে। তাই ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের ক্ষেত্রে অযথা সময়ক্ষেপণ করা হবে না। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে দ্রুত ভোট আয়োজনের প্রস্তুতি নেওয়া হবে।
এর আগে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন সচিবালয়েও অনুলিপি পাঠানো হয়েছে।
এখন নির্বাচন কমিশন আসনটি শূন্য হওয়ার বিষয়ে গেজেট প্রকাশসহ আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর তফসিল ঘোষণা করে উপনির্বাচনের আয়োজন করা হবে।
ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হওয়ায় স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর মধ্যেও নির্বাচনী প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কমিশনের দ্রুত নির্বাচন আয়োজনের সিদ্ধান্তে অল্প সময়ের মধ্যেই এ আসনে নতুন সংসদ সদস্য নির্বাচনের পথ তৈরি হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)