চাঁদাবাজ-মাদক কারবারিদের ধরতে ব্যর্থ হলে ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৫:৩৩ পিএম
ছবি: পিআইডি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ঢাকা মেট্রোপলিটন এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের ধরতে যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চাঁদা না দেয়ায় হামলার শিকার চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে শনিবার (২২ আগস্ট) বিকালে দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, ডিএমপিসহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেয়া হয়েছে। শিগগির তাদের আইনের আওতায় আনতে না পারলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সারা দেশে চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু চাঁদাবাজ নয়, চাঁদাবাজদের সাথে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা করা হচ্ছে।
চিকিৎসকের ওপর হামলার ঘটনার হালনাগাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ওই ঘটনায় জড়িত সাতজনের অপরাধী চক্রটির মধ্যে ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর গত সোমবার (১৭ আগস্ট) হামলা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় বর্তমানে ওই চিকিৎসক ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)