ভোলাকে সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৪:১০ পিএম
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক যোগাযোগব্যবস্থার সাথে যুক্ত করতে রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শনিবার (২২ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় ভোলার সাথে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে তিনটি সম্ভাব্য রুট নিয়ে আলোচনা করা হয়। এর মধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল–রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটিকে উপযুক্ত হিসেবে বেছে নেওয়া হয়েছে। এই পথে মহাসড়ক নির্মাণের মাধ্যমে ভোলাকে দেশের জাতীয় সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় প্রধানমন্ত্রী ভৌগোলিক প্রতিবন্ধকতা দূর করে নিরবচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে ঢাকা ও বরিশালের সঙ্গে ভোলার যোগাযোগ সহজ করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণে সমন্বিত সড়ক অবকাঠামো উন্নয়নের নির্দেশনা দেন তিনি।
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, নির্ধারিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি প্রয়োজনীয় নতুন সড়ক নির্মাণ করতে হবে। এ ছাড়া তিনটি ছোট সেতু নির্মাণের প্রয়োজন হবে। প্রকল্প বাস্তবায়নের আগে রুটটির সম্ভাব্যতা ও কারিগরি দিক দ্রুত যাচাই করা হবে।
প্রস্তাবিত মহাসড়কটি নির্মিত হলে ভোলার সঙ্গে বরিশাল, ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলের সরাসরি সড়ক যোগাযোগ গড়ে উঠবে। এতে যাতায়াতের সময় ও পরিবহন ব্যয় কমার পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নদীবেষ্টিত ভোলার মানুষের যোগাযোগে দীর্ঘদিন ধরে নৌপথের ওপর বড় ধরনের নির্ভরতা রয়েছে। নতুন সড়ক যোগাযোগ চালু হলে এ নির্ভরতা কমার পাশাপাশি জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও সম্প্রসারিত হতে পারে। সংশ্লিষ্টদের মতে, হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা রুটটি দূরত্ব, সময় ও ব্যয়ের দিক থেকে একটি কার্যকর বিকল্প যোগাযোগপথ হিসেবে গড়ে উঠতে পারে।
সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)