নারী নেতৃত্বে দলগুলোর নীতিবদল জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৩:১৫ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
নারীদের রাজনৈতিক নেতৃত্বে এগিয়ে নিতে রাজনৈতিক দলগুলোর মানসিকতা ও নীতিগত অবস্থানে পরিবর্তন আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন না এলে নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা কঠিন হবে।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সিদ্ধেশ্বরীতে ‘তরুণ নারী রাজনৈতিক নেতৃত্ব শক্তিশালী ও গণতান্ত্রিক পরিসর পুনরুদ্ধার’ শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দেশে দীর্ঘ সময় ধরে নারী প্রধানমন্ত্রী থাকলেও সামগ্রিকভাবে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে নারীদের রাজনৈতিক নেতৃত্বের সুযোগ খুবই সীমিত। এসব স্তরে পর্যাপ্ত নারী প্রার্থীকে দলীয় মনোনয়ন দেওয়া হলে জাতীয় রাজনীতিতেও তাদের অংশগ্রহণ বাড়ত বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো একটি আসনে তিনজন প্রার্থীর মধ্যে একজন নারী থাকলেও অনেক ক্ষেত্রে তাকে যথাযথভাবে সামনে আনা বা রাজনৈতিকভাবে এগিয়ে নেওয়ার উদ্যোগ দেখা যায় না। ফলে মনোনয়ন থেকে শুরু করে নির্বাচনী রাজনীতি পর্যন্ত বিভিন্ন পর্যায়ে নারীদের নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়।
তিনি এসব বাধা উপেক্ষা করে নারীদের রাজনৈতিক অঙ্গনে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি নারীর অংশগ্রহণ বাড়াতে রাজনৈতিক দলগুলোর নীতিগত ও সাংগঠনিক পর্যায়ে কার্যকর পরিবর্তনের ওপর গুরুত্ব দেন শামা ওবায়েদ।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)