জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান। শুক্রবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩(৪) বিধি অনুযায়ী প্রধানমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব বণ্টন ও পুনর্বণ্টন করেছেন। নতুন এই আদেশের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্যারিস্টার আন্দালিভ রহমানকে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, গত ১৭ ফেব্রুয়ারি, ৪ মার্চ, ১২ মার্চ ও ২৫ মার্চ জারি করা সংশ্লিষ্ট প্রজ্ঞাপনগুলোর অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে। নতুন দায়িত্ব বণ্টনের আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
ব্যারিস্টার আন্দালিভ রহমান বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি সরকারের গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের নেতৃত্বে এলেন।
আন্দালিভ রহমানের বাবা ছিলেন সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মরহুম আলহাজ্ব নাজিউর রহমান মঞ্জু।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)