শূন্য ঘোষণা করা হল ঠাকুরগাঁও-১ আসন
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। সংবিধান অনুযায়ী, তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই আসনটি শূন্য হয়েছে বলে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন শাখাটির সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার (২১ আগস্ট) বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। ফলে সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী তাঁর রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকে আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, প্রজ্ঞাপনটি অবিলম্বে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশের জন্য সরকারি মুদ্রণালয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে শূন্য হওয়া আসনে উপনির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপনের অনুলিপি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়েছে।
এ ছাড়া বিষয়টি অবহিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের কার্যালয়, বিরোধীদলীয় নেতার কার্যালয়সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার বঙ্গভবনে শপথ নেওয়ার মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর সাংবিধানিক বিধান অনুযায়ী তাঁর নির্বাচিত ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হলো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)