Logo
×

Follow Us

জাতীয়

রাশিয়ার যুদ্ধ থেকে উদ্ধার বাংলাদেশি দেশে ফিরছেন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৩৬ এএম

রাশিয়ার যুদ্ধ থেকে উদ্ধার বাংলাদেশি দেশে ফিরছেন

৩০ বাংলাদেশির একজন মো. রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস

চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়া ৩০ বাংলাদেশির একজন মো. রাজন হোসেনকে উদ্ধার করে দেশে ফেরানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। মস্কো থেকে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তাকে দেশে ফেরার বিমানে তুলে দেওয়া হয়েছে।

মস্কোয় বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রাজনের ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন হওয়ার পর তার প্রত্যাবাসনের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়। দূতাবাসের তত্ত্বাবধানেই উদ্ধার-পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

দূতাবাস সূত্রে জানা গেছে, রাজন হোসেন ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আদ্দিস আবাবা হয়ে বাংলাদেশে ফিরবেন। আগামীকাল রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে তার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে ৩০ বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ১ জুন আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮), জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামের তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করে জামানত বাজেয়াপ্ত করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রাজন হোসেনের প্রত্যাবাসনের মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সাথে জড়িয়ে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর ক্ষেত্রে নতুন অগ্রগতি হলো। বাকি বাংলাদেশিদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন