কোনো চক্রের প্রভাব না দেখে মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:১৭ পিএম
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
মানব পাচারের সাথে জড়িতদের রাজনৈতিক বা সামাজিক প্রভাব বিবেচনা না করে কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, মানব পাচার প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ এবং সবার নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় রিজভী বলেন, আইনের শাসনের দুর্বলতার সুযোগেই অপরাধী চক্র গড়ে ওঠে এবং সাধারণ মানুষ তাদের প্রতারণার শিকার হয়। মানব পাচার বন্ধে কার্যকর আইন প্রয়োগ ও বিচার নিশ্চিত করা হলে এসব চক্র নিয়ন্ত্রণ করা সম্ভব।
তিনি বলেন, দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান, বাস্তুচ্যুতি, বাল্যবিবাহ এবং শিক্ষার অভাব মানব পাচারের ঝুঁকি বাড়ায়। অনেক মানুষ বিদেশে উন্নত জীবনের আশায় প্রতারকদের ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। পরে নানা জটিলতায় দেশে ফিরে এসে তারা চরম দুর্ভোগে পড়েন।
রিজভীর মতে, মানব পাচার আধুনিক দাসত্বের একটি ভয়াবহ রূপ। এ সমস্যা মোকাবিলায় শুধু আইন করাই যথেষ্ট নয়, রাষ্ট্রকে নাগরিকদের নিরাপত্তা, শিক্ষা এবং অর্থনৈতিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, কোনো অপরাধী চক্র কতটা প্রভাবশালী, সেটি বিবেচনার বিষয় নয়; মানব পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হওয়া উচিত রাষ্ট্রের প্রধান লক্ষ্য।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)