Logo
×

Follow Us

আইন-আদালত

পূর্বাচল প্লট দুর্নীতিতে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম

পূর্বাচল প্লট দুর্নীতিতে রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের কারাদণ্ড

প্রতীকী ছবি

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেক আসামিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য এস ডি ফয়েজ, এ কে এম ওয়াহেদুল ইসলাম, এস এম জাফর উল্লাহ, এইচ এম জহুরুল হক, মো. রেজাউল করিম তরফদার এবং আম্বার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ ও আশফাক আজিজ।

রায়ে দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেক আসামিকে পৃথকভাবে সাত বছর করে মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। দুই ধারার সাজা একসাথে কার্যকর হবে। এ ছাড়া প্রতিটি ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে আসামিদের আরো এক বছর করে সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে দণ্ডবিধির ৪২০ ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই অভিযোগ থেকে তাঁদের খালাস দিয়েছেন আদালত।

এ মামলায় শওকত আজিজ ও আশফাক আজিজের নামে বরাদ্দ করা পূর্বাচল আবাসিক প্রকল্পের সেক্টর-১-এর রোড-৪০৫-এর ০১১ ও ০১৩ নম্বর প্লটের বরাদ্দ বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে প্লট দুটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেয়া হয়েছে।

প্রভাব খাটিয়ে পূর্বাচলে ১০ কাঠা করে মোট ২০ কাঠা জমির দুটি প্লট বরাদ্দ নেয়া ও দেয়ার অভিযোগে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শওকত আজিজ ও আশফাক আজিজের নামে পূর্বাচল আবাসিক প্রকল্পে দুটি প্লট বরাদ্দ দেন। প্রতিটি প্লটের আয়তন ছিল ১০ কাঠা। এ বরাদ্দের মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করে দুদক।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন আদালত। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে মোট নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করা হলো।

মন্তব্য করুন